ভিডি নুরের কক্ষ সিলগালা

ভিডি নুরের কক্ষ সিলগালা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপির কক্ষে হামলার পর এখন পর্যন্ত নিজ কক্ষে প্রবেশ করতে পারেননি ভিপি নুরুল হক নুর। তিনি জানান, তদন্তের জন্য কক্ষটি সিলগালা করে রাখা হয়েছে। ফলে হামলার পর নিজ কার্যালয়ে প্রবেশ করতে চেয়েও তা সম্ভব হয়নি।

গত ২২ ডিসেম্বর ওই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলা চালায়। এতে ভিপি নুরসহ অনেকে আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। তবে হামলার সঙ্গে নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছে ছাত্রলীগ।

এদিকে, ঘটনার পর থেকেই ভিপির কক্ষটি সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘যার কক্ষ (ভিপি) তার সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে তো আর মন্তব্য করার কিছু নেই।’

ভিপি নুর জানান, নিজ কক্ষে প্রবেশ করতে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। তবে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছুই জানায়নি।

তদন্ত কমিটির আহ্বায়ক আবু মো. দেলোয়ার হোসেন জানান, তদন্তের কাজ চলমান। ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারলে সময় চাওয়া হবে। তিনি আরও বলেন, ‘তদন্তের কাজ শেষ না হওয়ায় আমরা ১০ কার্যদিবস সময় বাড়িয়ে নিয়েছি। আজকেও ১২ জনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্ত চলমান। তদন্তের কাজ যদি ১০ কার্যদিবসের মধ্যে শেষ করতে পারি, তাহলে সময়মতো প্রতিবেদন দিয়ে দেবো। আর না হয়, সময় আরও বাড়িয়ে নেবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কক্ষটি সিলগালা থাকবে। কারণ, কমিটি তদন্তের স্বার্থে যেকোনও সময় ওই কক্ষ ব্যবহার করতে পারেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading