শিহাব শাহীনের ২য় ছবি, থাকতে পারে অপূর্ব-ফারিয়া
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ০১
নির্মাতা শিহাব শাহীন। ২০১৫ সালে নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। এতে আরিফিন শুভ ও জাকিয়া বারী মমর রসায়ন দর্শকের মন ছুয়ে যায়। প্রশংসিত হন নির্মাতাও। তবে ‘ছুঁয়ে দিলে মন’ নির্মাণের পর নতুন কোন চলচ্চিত্রের ঘোষণা দেননি তিনি। মাঝে নির্মাণ করেছেন একক নাটক ও টেলিফিল্ম। প্রায় ৫ পর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তিনি। জানালেন, নতুন ছবির নাম ‘যদি… কিন্তু… তবুও’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। যদিও কেউ এখনও চুক্তিবদ্ধ হয়নি। চলছে প্রাথমিক কথাবার্তা। রোমান্টিক, কমেডি ঘরানার ছবিটি নির্মিত হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য। এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাবেরি আলম, শাফায়েত মনসুর রানাসহ অনেকেই। নির্মাতা জানান, বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে? এমন নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে যদি… কিন্তু… তবুও’র গল্প। ফেব্রুয়ারির শেষদিকে এর শুটিং শুরু হবে।’

