বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও মুসল্লিদের ঢল
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ফজরের নামাজের পর ইজতেমার কার্যক্রম শুরু হয়। এতে অংশ নিতে তুরাগ নদীর পাড়ে আবারও সমবেত হয়েছেন লাখো মুসল্লি।
এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। চার দিনের বিরতির পর শুক্রবার থেকে দ্বিতীয় পর্ব শুরু হলো। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মুসলমানদের ৫৫তম দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব সম্মিলন শেষ হবে।
বাংলাদেশের ৬৪জেলা থেকে আসা তাবলীগের মুসল্লিদের পাশাপাশি সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া, ইরাক, তুরস্ক, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের মুসলমানরা এবারের ইজতেমায় এসেছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এদিকে, ইজতেমায় আসা মানুষের নিরাপত্তায় পুরো ময়দান ঘিরে গড়ে তোলা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা বলয়। সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি করা হচ্ছে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে বাড়তি পুলিশ সদস্য।
গাজীপুরের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙিক্ষত ঘটনা যেন ঘটতে না পারে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে আট হাজার সদস্য নিয়োজিত রয়েছে।

