বিদেশে যাচ্ছে ‘কাঠবিড়ালী’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৪
ছোটপর্দার তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন সেখানে। এবার বড়পর্দায় পা রাখলেন তিনি। গত ১৭ জানুয়ারি সারাদেশের প্রায় ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নির্মিত ছবি ‘কাঠবিড়ালী’। যা ইতমধ্যেই দর্শদের মনে জায়গা করে নিয়েছেন। প্রশংসা কুড়াচ্ছেন চলচ্চিত্র সমালোচকদের। মুক্তির ২ দিন পার হতে না হতেই নতুন খবর জানালেন নির্মাতা। বিদেশে যাচ্ছে ‘কাঠবিড়ালী’। আগামী ২৫ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের অন্যতম শহর জুরিখের বাংলা স্কুলের হলরুমে প্রদর্শিত হবে ছবিটি। এই খুশির খবরটি গণমাধ্যমকে জানান ‘কাঠবিড়ালী’র প্রযোজনার সঙ্গে যুক্ত ফরহাদ শাহী। এ প্রসঙ্গে নির্মাতা নিয়ামুল মুক্তা বলেন, ‘কাঠবিড়ালী’ আমাদের স্বপ্নের ছবি। মুক্তির প্রথম দুই দিনে দর্শক ছবিটির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা যুুগিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সুইজারল্যান্ডে দেখানো হবে এটি। এরপর ইউরোপের অন্যান্য দেশেও ‘কাঠবিড়ালী’ মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।’ ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত ছবিটির প্রধান দুটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ছবির বিভিন্ন চরিত্রে অর্চিতা স্পর্শিয়া এবং আসাদুজ্জামান আবীর ছাড়াও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।

