অসুস্থ শাবানার সুস্থতা কামনায় মোদি-মমতার টুইট
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৬
মুম্বাই-পুনে হাইওয়েতে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিকালে গুরুতর আহত হন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তার স্বামী কিংবদন্তি গীতিকার জাবেদ আখতারও গাড়িতে ছিলেন। তবে তিনি কোনো চোট পাননি। চোট পান শুধু শাবানা। আহত অভিনেত্রীকে নবী মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। শাবানার দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোবাধ্যায়। শনিবার (১৮ জানুয়ারি) মোদি তার টুইটারে লেখেন, ‘শাবানাজির দুর্ঘটনার সংবাদ খুবই পীড়াদায়ক। তার সুস্থতা কামনা করছি।’ মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দুর্ঘটনার কথা শুনলাম। শাবানার দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’ এদিকে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। তিনি টুইটারে লেখেন, ‘শাবানা আজমি আহত। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ ইন্ডিয়ান সংবাদ সংস্থার খবর, শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটা নাগাদ মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুর নামক স্থানে একটি দ্রুতগতির ট্রাক অভিনেত্রী শাবানা আজমি ও তার স্বামী জাভেদ আখতারকে বহনকারী গাড়িটিকে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হন শাবানা। তাদের গাড়ির সামনের অংশ দুমড়ে যায়।

