চার দলের সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চার দলের সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৫৮

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এ বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইন্ডিয়াতে চার দলের সিরিজে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। আজ (২৩ জানুয়ারি) সিরিজের ফাইনালে ইন্ডিয়া ‘বি’ নারী দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সালমা খাতুনরা। সিরিজের প্রাথমিক পর্বে ইন্ডিয়া ‘এ’ দলকে ৫ উইকেটে ও থাইল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তারা। এই পর্বে ইন্ডিয়া ‘বি’ দলের কাছে ১৪ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। কাকতালীয়ভাবে ফাইনালে ইন্ডিয়া ‘বি’ দলকে একই ব্যবধানে হারালেন লাল-সবুজের জার্সিধারীরা।

পার্টনার মাঠে সিরিজের ফাইনালে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলেন সালমা খাতুনরা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় ইন্ডিয়া ‘বি’ দলের ইনিংস। বোলিংয়ে নৈপুণ্য দেখান জাহানারা আলম ও সালমা খাতুন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট পান জাহানারা। ১৮ রান দিয়ে ২ উইকেট পান সালমাও।

খাদিজা ও নাহিদা একটি করে উইকেট শিকার করেন। ইনিংসের প্রথম তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইন্ডিয়া ‘বি’ দল। পরে আর এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি দলটি। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। ১ উইকেট হারালেও ১৩.৪ ওভারে স্কোর বোর্ডে ৮৫ রান জমা হয়। ১৪তম ওভারে সানজিদা ও মুর্শিদা উইকেট হারান।

তবে এই দুজনের ব্যাটেই ইন্ডিয়ার দলটির সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। ৩২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন সানজিদা। ৩৮ বলে ৩৪ রান করেন মুর্শিদা। এ ছাড়া নিগার ১৮ ও শামীমা ১৩ রান করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading