মুশফিকের কষ্ট
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৮
পারিবারিক কারণে পাকিস্তান সফর থেকে বিরত বাংলাদেশ দলের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে দলের সঙ্গে লাহোরে না গেলেও তার মন যেন পরে আছে সতীর্থদের সাথেই। আজ বাংলাদেশ যখন মাঠে খেলছে, মুশফিকের চোখ তখন টেলিভিশনের পর্দায়। কষ্টের অনুভূতি নিয়েই টিভির পর্দায় বাংলাদেশের খেলা দেখছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের কষ্টের অনুভূতি ভাগাভাগি করেছেন, ‘শেষবার কবে দেশের খেলা টেলিভিশনে দেখেছি তা মনে নেই। দলের সাথে না গেলেও সব সময় সতীর্থদের পাশে আছি। জয় নিয়ে দেশে ফিরে আসবে এই কামনা করি। সবাইকে জুম্মা মোবারক।’ এর আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমাকে যদি বলেন বাংলাদেশের একটা সিরিজ থেকে বিশ্রাম নিতে হবে, এটার চেয়ে বড় পাপ হতে পারে না। আমার কাছে কিন্তু সুযোগও ছিল পিএসএলের মতো বড় আসরে খেলার। আমি শুরুতেই না করে দিয়েছি। কারণ আমি জানি এবার পুরো পিএসএল পাকিস্তানে হবে। আমি তখনই বলেছি, এখানে যেহেতু আমার পরিবার অনুমতি দিচ্ছে না, আমি যেতে পারি না। জীবনের আগে কখনোই ক্রিকেট না’।

