চতুর্থ রাউন্ডে নাদাল-ফেদারার
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫২
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্বদেশি পাবলো কারেঙ্কো বুস্তাকে ৬-১, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন রাফায়ের নাদাল। অন্যদিকে ছেলেদের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার।
১ ঘণ্টা ৩৮ মিনিটে জয় নিশ্চিত করা ম্যাচটিকে এবারের আসরের সেরা বলছেন নাদাল, ‘কোনও সন্দেহ নেই চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই আমার সেরা ম্যাচ। একটু একটু করে প্রতিদিন আমি উন্নতি করছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘পাবলোর জন্য খারাপ লাগছে। ও আমার খুব ভালো বন্ধু, বাকি মৌসুমের জন্য শুভকামনা থাকলো। তবে চতুর্থ রাউন্ডে ওঠা আমার জন্য নিঃসন্দেহে ভালো খবর।’ চতুর্থ রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার নিক কিরগিয়োস কিংবা রাশিয়ার ১৬তম বাছাই কারেন কাচানোভোর বিরুদ্ধে।
অন্যদিকে ৪ ঘণ্টা ৩ মিনিটের লড়াই শেষে ষষ্ঠবারের চ্যাম্পিয়নের জয় আসে ৪-৬, ৭-৬ (২), ৬-৪, ৪-৬, ৭-৬ (৮) সেটে। টাইব্রেকারে এক পর্যায়ে ৮-৪ ব্যবধানে পিছিয়ে থাকা ফেদেরার শেষ পর্যন্ত টানা ছয় পয়েন্ট নিয়ে বিজয়ীর হাসি হাসেন। তবে পুরো গ্যালারি তখন লড়াকু মিলম্যানকে তুমুল হাততালিতে অভিনন্দন জানাচ্ছে। এমনকি ম্যাচ শেষে ফেদেরার নিজেও বলেছেন, এই অভিনন্দন মিলম্যানের প্রাপ্য। শেষ ষোলোয় ৩৮ বছর ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচচোভিচ।
মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সিমোনা হালেপ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্তেভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন রোমানিয়ার চতুর্থ বাছাই।

