চলতি সপ্তাহে সেন্সরে ‘বীর’, মুক্তি ২১ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৬
গুণী নির্মাতা কাজী হায়াতের ৫০ তম সিনেমা ‘বীর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী। এসকে ফিল্মস প্রযোজিত ছবিটির শুটিং ইতমধ্যেই শেষ হয়েছে। ফাইনাল এডিটিংয়ের কাজ শেষ করে চলতি সপ্তাহেই সেন্সরে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে জানা গেল, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘বীর’। তবে এ বষেয়ে এখনই মুখ খুলতে নারাজ সহ প্রযোজক এমডি ইকবাল। তিনি জানান, সিনেমাটি আমরা প্রথমে মার্চে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু চলমান সিনেমা সংকট বিবেচনায় সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে ‘বীর’। তবে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর আমরা সুনির্দিষ্ট মুক্তির তারিখ বলতে পারবো। সূত্রে পাওয়া খবর, আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বীর’। শাকিব খান নিজেই এই দিনে সিনেমাটি মুক্তি দিতে চান। তবে এই ঘোষণা দিতে কিছুটা সময় নিচ্ছেন ভাইজান। কারণ এখনো সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির এই তারিখ ঘোষণা করবেন শাকিব।

