বলিউডের ছবিতে ঢাকার মিথিলা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২০
রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প নিয়ে বলিউডে নির্মিত হয়েছে নতুন সিনেমা‘রোহিঙ্গা’। আর এই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘হুসনে আরা’তে অভিনয় করছেন ঢাকার কন্যা তানজিয়া জামান মিথিলা। তার বিপরীতে অভিনয় করছেন ‘রাঁধে’ সিনেমার প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করা স্যাঙ্গে। ছবিটির পরিচালক হায়দার খান। নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে মিথিলা বলেন, এটা আমার জন্য সত্যি আনন্দদায়ক যে আমি দেশের গণ্ডি পেরিয়ে এমন একটা ছবিতে কাজ করতে পারছি। আমার মনে হয়, আমিই প্রথম যে কিনা সরাসরি প্রথম বলিউডের সিনেমায় কাজ করছি। সিনেমার মাধ্যমে দেশের বাইরে নিজ দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি, এর জন্য আমি গর্ববোধ করছি।
‘রোহিঙ্গা’ ছবিটির পরিচালক হায়দার খান ফটোগ্রাফী করেন। সেই সূত্রেই তার সঙ্গে পরিচয় মিথিলার। গত বছরের মাঝামাঝি সময়ে ছবিটির জন্য প্রস্তাব পেয়ে লুক টেস্ট দেন তিনি। সেখানে সিলেক্ট হলে ডিসেম্বরে শুটিংয়ে নামেন এই মডেল।
ছবিটিতে কাজ করতে গিয়ে ভাষাগত তেমন সমস্যা হয় নি জানিয়ে মিথিলা বলেন, আমি আগে থেকেই হিন্দিতে কথা বলতে পারি। সেজন্য খুব একটা সমস্যা হয়নি। ছবিতে রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে। এর জন্য আমাকে ভাষা শেখার জন্য ক্লাসও করতে হয়েছে। সবকিছু মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য।
শেষ লটের শুটিংয়ে অংশ নিতে আজ (২৮ জানুয়ারি)দেশ ছাড়ছেন মিথিলা। বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রোহিঙ্গা’ ছবিটি। জানা যায়, চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি।

