রাজশাহীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪২
ইন্ডিয়ার ‘স্বচ্ছতায় সেবা’ ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ইন্ডিয়ার সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। রাজশাহীস্থ ইন্ডিয়ার সহকারী হাইকমিশন এবং রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে শহরের শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী, পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ছয় নম্বরের কাউন্সিলর নুরুজ্জামান টুকু, সাত নম্বরের কাউন্সিলর মতিউর রহমান মতিও অংশ নেন। এছাড়া কর্মসূচিতে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ সিটি করপোরেশন এবং ইন্ডিয়ার সহকারী হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে চিড়িয়াখানার ভেতরে এক গাছের চারা রোপণ করেন ইন্ডিয়ার সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

