আবরার হত্যা মামলায় চার্জগঠনের শুনানি ১৭ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:২০
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নতুন এই দিন দার্য করেন। মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরের কথা রয়েছে এবং এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির করা হবে। এদিকে, বৃহস্পতিবার সকালে ২২ আসামিকে আদালতে হাজির করেন পুলিশ।
গত ১৫ জানুয়ারি মামলার অভিযোগপত্র গ্রহণ ও আসামিদের উপস্থিতির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করে আদালত। এর আগে ১৩ জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলাটি বিচারকাজ শুরু করার জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম। ১২ জানুয়ারি আবরার হত্যা মামলার পলাতক আসামি মোর্শেদ অমর্ত্য ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ৩ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যার ঘটনায় পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত। পলাতক অন্যরা হলেন- বুয়েট থেকে বহিষ্কার ছাত্র মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ। এর আগে গত বছরের ১৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহার নামীয় ১৯ জন এবং এজাহার বহির্ভূত ছয়জন।
প্রসঙ্গত, ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) গত ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর রাত ৩টার দিকে শের-ই-বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।

