গাজীপুরে ১১ দোকানে ডাকাতি
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার এলাকায় স্বর্ণ, টিভি-ফ্রিজসহ বিভিন্ন ধরণের ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার এলাকায় আনুমানিক রাত ১টার দিকে দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত পিকআপে করে হানা দেয়। এসময় তারা বাজারে থাকা চার-পাঁচজন নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে বাজারের এক গলির মধ্যে আটকে রাখে। পরে ডাকাতেরা বাজারের স্বর্ণ, ইলেকট্রনিক্স, কাপড় ও মুদি দোকানসহ বিভিন্ন প্রকারের ১১টি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক বলেন, স্বর্ণ ও মুদি দোকানসহ আট-দশটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করার পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

