মুন্সীগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি-বালুরচর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোল্লাকান্দি-বালুচরের রাস্তার পুরানভাসানচর অংশে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় কয়রাখোলা থেকে মোল্লাকান্দি-বালুরচরের প্রায় তিন কিমি ভাঙা রাস্তাটি পুনর্নির্মাণ ও পাকা করার দাবি জানানো হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এরপর আর কোন সংস্কার হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙাচোরা ও বেহাল হওয়ায় স্থানীয় আট গ্রামের পাঁচ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে। মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক জনসাধারণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকতার নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করেন তারা।

