রাওয়ালপিন্ডিতে তামিম-মুমিনুলরা
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে রাওয়ালপিন্ডিতে পৌচ্ছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে দোহা হয়ে স্থানীয় সময় আজ (৫ ফেব্রুয়িরি) সকালে ইসলামাবাদে পৌঁছায় তামিম ইকবাল-মুমিনুল হকরা। ওখান থেকে ঘণ্টাখানেকের দূরত্বে পুরো দল রাওয়ালপিন্ডিতে পৌঁছেছে স্থানীয় সময় সকাল ১০টায়। তিন ধাপের সফরে দ্বিতীয়বার পাকিস্তান গেছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় দুটি দলে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ ভালো না কাটলেও টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের। পাকিস্তানে যাওয়ার আগে বিসিএলে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে দারুণ পারফর্ম করে প্রস্তুতি সেরেছেন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যাওয়ার আগে জয়ের প্রত্যাশার কথা জানিয়ে গেছেন অনেকেই।
গত কয়েকটি টেস্ট নিয়মিত খেলা পেসার ইবাদত হোসেন যেমনটি বলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে, ‘তামিম ভাই, মুমিনুল ভাই খুব ভালো একটা অবস্থানে আছে। অন্যরাও ভালো ফর্মে আছে। আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে অবশ্যই পাকিস্তানকে হারানো সম্ভব।’
উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও বলে গেছেন তেমনটা, ‘ভারতে কঠিন সময় গেছে। ওখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। আশা করি পাকিস্তানে ভালো করতে পারবো, সেই বিশ্বাস নিয়েই পাকিস্তান যাচ্ছি।’
টেস্ট শুরুর আগে আজ বিকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম অনুশীলন করে বাংলাদেশ। আগামীকাল আরও একবেলা অনুশীলন করে শুক্রবার মাঠে নামবে সফরকারীরা।
প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন এবং সৌম্য সরকার।

