অবশেষে জয়ের দেখা পেল কিউরা
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫
কিছুদিন আগেই নিজের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এবার সেই খড়া কাঠিয়ে উঠল কিউরা। অবশেষে ওয়ানডে ম্যোচ জয়ের দেখা পেল তারা। রস টেলরের অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়াকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
৩৪৮ রান তাড়া করতে নেমে মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস উদ্বোধনী জুটিতে ৮৫ রান তোলেন। এই রানে শার্দুল ঠাকুরের বলে কেদার যাদবের হাতে ধরা পড়েন গাপটিল। ৩২ রানের বেশি করতে পারেননি তিনি। টম ব্লানডেল এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৯ রানের মাথায় কুলদীপ যাদবের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর নিকোলসের সঙ্গে এসে জুটি বাঁধেন রস টেলর।
তারা দুজন দলকে ভালোভাবেই টেনে নিচ্ছিলেন। কিন্তু ১৭১ রানের মাথায় নিকোলস রান আউটে কাটা পড়লে ভাঙে এই জুটি। ৭৮ রান করেন টপ অর্ডারের এই ব্যাটসম্যান। সেখান থেকে সবচেয়ে বড় জুটিটি গড়েন টেলর ও অধিনায়ক টম লাথাম। চতুর্থ উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে ফিরেন লাথাম। ৪৮ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৬৯ রানের ক্যামিও ইনিংস খেলে যান তিনি।
এরপর অবশ্য দ্রুত দুটি উইকেট হারায় কিউইরা। ৩২৮ রানে জিমি নিসাম (৮) ও ৩৩১ রানে কলিন ডি গ্র্যান্ডহোম (১) আউট হলে চাপে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু টেলরকে টলাতে পারেনি ভারতের বোলাররা। তিনি মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৮৪ বল খেলে ১০টি চার ও ৪ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে মাঠ ছাড়েন। বল হাতে ভারতের কুলদীপ যাদব ২টি উইকেট নেন।
তার আগে ভারতের ৩৪৭ রানের ইনিংসে সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার। তিনি ১০৭ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় ১০৩ রান করেন। চতুর্থ উইকেট জুটিতে লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার ১৩৬ রান তোলেন। রাহুল ৬৪ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন কেদার যাদব। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন টেলর।

