পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সুখবর
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫
পাকিস্তানের ক্রিকেটারদের সুখবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণে পাকিস্তানের খেলোয়াড়ের জন্য নতুন নিয়ম করতে যাচ্ছে পিসিবি। বিশেষ করে নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে আসা ক্রিকেটারদের সুখবর-ই দিচ্ছে বোর্ড। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত হয়। পেশোয়ারে অনুষ্ঠিত বোর্ড সভায় নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। তবে সবথেকে বেশি আলোচনায় ছিল টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণে বোর্ডের নতুন সিদ্ধান্তের দিকে। মনে হচ্ছিল, ক্রিকেটারদের ‘পায়ে বেড়ি পড়াবে’ পিসিবি। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো সুখবর দিল বোর্ড কর্তারা। ২০১৮ সালে পিসিবি নিয়ম করেছিল ক্রিকেট মৌসুমে দেশের বাইরে দুটির বেশি টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ করা যাবে না। এবার সেই সংখ্যাটি তিনে নিয়ে যাচ্ছে পিসিবি। ফলে পাকিস্তান সুপার লিগ বাদে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা দেশের বাইরে তিনটি টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি বোর্ড এটাও নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ অবশ্যই আইসিসি অনুমোদিত হতে হবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা পিসিবির নিয়ম অনুযায়ী চলবেন। এর বাইরের ক্রিকেটাররা চাইলেই এনওসি পেয়ে যাবেন। তবে নির্বাচকদের পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে পিসিবি-র সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

