এক তাহসান ভক্তের পাগলামি
উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১৪ঃ২৩
জনপ্রিয় তারকাদের অনেক ভক্তই থাকে। তার মধ্যে থাকে কিছু পাগল ভক্তও। যারা প্রিয় তারকার জন্য সব করতে পারে। এমনই এক পাগল ভক্তের দেখা পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। যে কি-না তাহসানের সাত হাজার ২০০টি ছবি এঁকেছেন।
এই ভক্তদের নাম রাকিব সানকে।গত এক বছরে তাহসানের সাত হাজার ২০০টি ছবি এঁকেছেন রাকিব। এসব ছবি সংগ্রহের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করেছেন তিনি। রাকিব সানকে বলেন, ‘২০০৪ সাল থেকে তাহসান ভাইয়ের গান শুনছি। গান শুনতে শুনতেই তার ভক্ত হয়ে যাই। তার ফেসবুক গ্রুপ, পেজেও যুক্ত হই। একসময় তার ছবি আঁকা শুরু করি।’
তিনি আরও বলেন, ‘“অভিমান আমার” অ্যালবামটি প্রকাশের পর, সেই পোস্টার এঁকে ফেসবুকে প্রকাশ করি। যা তাহসান ভাইয়ের নজরে আসে। তাহসান ভাইও তার ফেসবুকে ছবিটি শেয়ার করেন। এ থেকে আরও উৎসাহ পাই। এক একটি ছবি আঁকতে আমার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমনও দিন গেছে, ৫০টি ছবি এঁকেছি। বলতে পারেন, তাহসান ভাইয়ের ছবি আঁকা আমার নেশায় পরিণত হয়েছে।’
এদিকে, ভক্ত রাকিব সানকে সম্পর্কে জেনেছেন তাহসান। আর খুব শিগগিরই এই ভক্তর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তাহসান।

