টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৬’
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১
আজ (৯ ফেব্রুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৬’ ।পাঁচ দিনব্যাপী এ উৎসবে দেখানো হবে প্রায় ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মাননীয় মোডারেটর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, লাইলুন নাহার শেমী, সভাপতি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশসহ প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিত্ব।
সংসদের প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি বলেন, ‘‘বাংলা ভাষার ধ্রুপদি ও অনবদ্য কিছু ছবি ও স্বল্পদৈর্ঘ্য এতে দেখানো হবে। এতে একেবারে নতুন চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’ও থাকছে। এটি আমাদের আয়োজনের শেষ প্রদর্শনী। এছাড়া পাঁচ দিনের প্রথম প্রদর্শনীটি ধ্রুপদি চলচ্চিত্র দিয়ে সাজানো। আর এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন। এছাড়া প্রদর্শনীর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।’’ তিনি আরও জানান, উৎসব চলাকালীন পশ্চিম বাংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত (১২ ফেব্রুয়ারি), নির্মাতা হাসিবুর রেজা কল্লোল (১১ ফেব্রুয়ারি), ‘ন ডরাই’, ‘ইতি তোমারি ঢাকা’, ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের কলাকুশলী ও চলচ্চিত্র ব্যক্তিবর্গ উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।
উৎসবের শেষ দিন প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান ও সমাপনী অনুষ্ঠান। গত বছরে মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্রটি এ পদকে ভূষিত হবে।

