বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৪৯
ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ পাঁচজন আহত হন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম (৩২) ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ইদ্রিস আলীর স্ত্রী।
আহতরা হলেন- কুলসুম বেগম, লাবণী আক্তার, ফরিদ, আমির হোসেন ও মোজাফ্ফর হোসেন। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে বলে জানান কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ। তিনি জানান, কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে ধামরাইয়ের মহিষাসী এলাকা থেকে কালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ইজিবাইকটি। এ সময় কালামপুরে পৌঁছানোর আগেই ইজিবাইকটিকে ধাক্কা দেয় ঢাকাগামী এসবি লিংকের একটি বাস। পরে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জহুরা বেগমকে মৃত ঘোষণা করেন।

