মহিলা সমিতিতে ‘ক্রাচের কর্নেল’
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০
আগামী ১৫ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে তারুণ্যদীপ্ত নাট্য সংগঠন বটতলা’র জনপ্রিয় নাটক ‘ক্রাচের কর্নেল’। শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে সামিনা লুত্ফা নিত্রা ও সৌম্য সরকারের নাট্যরূপায়নে প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ঢাকা এবং ঢাকার বাইরে নিয়মিত মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে ব্যাপক আলোচিত হয়েছে বটতলার ৯ম এই প্রযোজনা। এই নাটকের মাধ্যমে দলটি উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। কর্নেল তাহের আমাদের রাজনৈতিক ইতিহাসের একজন বহুল আলোচিত ট্রাজিক চরিত্র।
মূলত, অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে নাটকটি। অজানা অনেক বিষয়ের বিশ্লেষণা্তক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণ করার জন্যই নাটকটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ‘ক্রাচের কর্নেল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুত্ফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ। হুমায়রা আখতারের পোশাক পরিকল্পনায় নাটকটির কোরিওগ্রাফি করেছেন সামিনা লুত্ফা নিত্রা। খালিদ মাহমুদ সেজানের আলোকায়নে নাটকের আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ।

