আঁখি আলমগীরের ‘তোমারি কারণে’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৯
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। গতকাল (১৬ ফেব্রুয়ারি) এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও। এ উপলক্ষে রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপুসহ অনেকে।
‘তোমারি কারণে’ শিরোনামের গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ আর সুর করেছেন ফাজবির তাজ। সংগীতায়োজনে ছিলেন শাহরিয়ার রাফাত। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আরিয়ানা জামান।
নতুন গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, আমাকে গানটি গাইতে সুযোগ করে দেয়ার জন্য এসএস মাল্টিমিডিয়াকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটির বয়স বেশিদিন হয়নি। আমি মনে করি, এভাবে যদি নতুন নতুন প্রতিষ্ঠানগুলো উঠে আসে, তাহলে নতুন নতুন শিল্পীরাও উঠে আসবে। ‘তোমার কারণে’ গানটিতে যখন কণ্ঠ দিয়েছি তখনই অনেক ভালো লেগেছে। তবে সময়ের অভাবে এর গানের ভিডিওতে উপস্থিত হতে পারিনি। তবে আশা করছে গানচিত্রটি সবার মন ছুঁয়ে যাবে।
এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, আমি মনে করি আঁখি আলমগীর হলেন বাংলাদেশের গান কন্যা। তার কণ্ঠে ভিন্ন রকম একটা জাদু আছে। আমার বিশ্বাস নতুন গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।

