শিল্পকলায় নাট্যদলের ‘ভাগের মানুষ’
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০
আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাট্যদলের নাটক ‘ভাগের মানুষ’।
পাকিস্তানের লেখক সাদাত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শণী করে আসছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল. রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস, কবিতা প্রমূখ।
১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেবার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রনা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বল জ্বল করছে মানুষের বুকে।
মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখন্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দু’টি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু’দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।’ এমন গল্পই দেখা যাবে ‘ভাগের মানুষ’ নাটকে।

