পদক্ষেপের ৮ দিনব্যাপী নাট্য উৎসব
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯
স্বনামধন্য নাট্যদল পদক্ষেপ’ এর ৩৪ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী নাট্য উৎসব। ‘ভাঙো সে দেয়াল প্রদীপের আলোয় যাহা আগুলিয়া রয়’- এই স্লোগানে সন্ধ্যায় গাইবান্ধার গোডাউন রোডে অবস্থিত দলটির নিজস্ব মঞ্চে এ উৎসব শুরু হবে।
সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ খালেদ উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান সরকার। উৎসবে পদক্ষেপের ৩টি নাটকসহ ঢাকার ৩টি এবং রংপুর ও বগুড়ার দুটি দল অংশ নেবে।
নাট্যদল পদক্ষেপের ৮ দিনব্যাপী নাট্য উৎসব বুধবার (২৬ ফেব্রুয়ারি) উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে পদক্ষেপের নাটক ‘হনন’। বাবুল বিশ্বাসের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মেহেদুল হক সুজন। ২৭ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’। সেলিম আল দীনের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দীন ইউসুফ। ২৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’। মনিরুল ইসলাম রুবেলের নাট্যরূপে নির্দেশনার দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। ২৯ ফেব্রুয়ারি বগুড়া থিয়েটারের নাটক ‘দ্রোহ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না।
১ মার্চ মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘হাছন জানের রাজা’। শাকুর মাজিদের রচনায় নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। ২ মার্চ পদক্ষেপের নাটক ‘শেষটা ভালো’। সঞ্জয় কুমারের রচনায় নির্দেশনা দিয়েছেন সঞ্জয় কুমার তপু। ৩ মার্চ সাইক সিদ্দীকির রচনা ও নির্দেশনায় রংপুর নাট্যকেন্দ্রের নাটক ‘নিল ললিতার গীত’ প্রদর্শীত হবে। ৪ মার্চ উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে পদক্ষেপের নাটক ‘কঞ্জুস’। তারিক আনাম খানের রূপান্তরে নির্দেশনা দিয়েছেন তুহিন চৌধুরী। নাটকগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শীত হবে।

