জিএসএমএ পুরস্কারে সেরা ওয়ানপ্লাস ৭ টি প্রো
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১
সেরা স্মার্টফোনের খেতাব পেল ওয়ানপ্লাস ৭টি প্রো।গ্লোবাল মোবাইল কমিউনিকেশনস সিস্টেমস অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ২০২০ গ্লোমো অ্যাওয়ার্ডসের তালিকায় ‘বেস্ট স্মার্টফোন’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে ফোনটি। এবারই প্রথম ওয়ানপ্লাসের ঝুলিতে এই অ্যাওয়ার্ড গেলো। সেরা স্মার্টফোনের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল আইফোন ১১ প্রো, হুয়াওয়ে পি৩০ প্রো ও স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের নাম।ওয়ানপ্লাস ৭টি প্রোয়ের অ্যাওয়ার্ড রিভিউয়ে জিএসএমএ জানায়, কারিগরি দিক দিয়ে ফোনটি অন্য মডেলগুলোকে ছাড়িয়ে গেছে। ফোনটির প্রসেসরের স্পিড, র্যাপি চার্জ টাইম ও সফটওয়্যারের মান অসাধারণ।
সবদিক থেকেই পরিপূর্ণ ডিভাইসটির দামও নাগালের মধ্যে। এছাড়া, গো টু মার্কেট স্ট্র্যাটেজির সফলতার কারণেও কোম্পানিটির সাধুবাদ পাওয়া উচিত।ওয়ানপ্লাস ৭টি প্রোয়ের ৬ দশমিক ৬৭ ইঞ্চি ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। এতে আরও আছে ৮৫৫ প্রসেসর, ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ও ডলবি অ্যাটমোস প্রযুক্তির ডুয়েল স্পিকার। ফোনটিতে আছে ৪৮,৮ ও ১৬ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও, গেইমিংয়ের জন্য আছে হ্যাপ্টিক ভাইব্রেশন মটোর।শুরু থেকেই ওয়ানপ্লাস হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে। পণ্যের মানের কারণে ২০১৯ সালে কোম্পানিটি ভারতের বাজারে হাই এন্ড ফোনের মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রাখে। ভারতে গড়ে ৩টি হাইএন্ড ফোন বিক্রি হলে তার মধ্যে একটি থাকে ওয়ানপ্লাসের ফোন।

