বিয়ে করলেন শওকত আলী ইমন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৪৫
আবারও বিয়ে পিঁড়িতে বসলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শওকত আলী ইমন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইমনের বোন কণ্ঠশিল্পী আবিদা সুলতানার বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজা। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৯৯৫ সালে ১৫ জুলাই তিনি মডেল-অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালের শেষের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে ঊর্বানা নামের এক কন্যাসন্তান রয়েছে।শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। বেড়ে ওঠা সংগীত পরিবারেই। মা মুসলিমা বেগম ছিলেন সংগীতশিল্পী। দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন।
ইমন সঙ্গীত পরিচালক হিসেবে নাম লেখান ১৯৯৬ সালে। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ভারতের চলচ্চিত্রেও। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।

