৭ মাস পর ওয়ানডে জিতল মাশরাফিরা
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ২২:১০
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রায় সাত মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে বিশাল জয় পেল টাইগররা। আজ রবিবার (১ মার্চ) সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে মাশরাফি বিন মর্তুজার দল। ওয়ানডেতে রানের দিক থেকে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। এর আগে টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডেতে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩২২ রান তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে ১৫২ রানেই অলআউট হয় শেভরনরা। বল হাতে বাংলাদেশের সাইফউদ্দিন ৩টি, মাশরাফি ও মিরাজ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে জিম্বাবুয়ের ওয়েসলি মাদভেরে ৩৫ ও তিনোতেন্দা মুতুমবোজি ২৪ রান করেন। মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
৩২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ওপেনার তিনাশি কামুনহুকামুয়ে (১) ফেরেন দলীয় এক রানে। তার করা ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি। মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন চামু চিবাবা। পরে মিললো ব্যাটে বল স্পর্শের প্রমাণ। বেঁচে গেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। সে সময় ৯ রানে ছিলেন তিনি। এক বল পর এলবিডব্লিউর সফল রিভিউয়ে রেজিস চাকাভাকে ফেরায় বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে সুইং করে ভেতরে ঢোকা বলে সুইপ করতে চেয়েছিলেন চাকাভা। ব্যাটে খেলতে পারেননি। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল আঘাত হানতো মিডল স্টাম্পে। ১৮ বলে ১১ রান করেন চাকাভা।
দলীয় স্কোরকার্ডে কোন রান যোগ না হতেই জিম্বাবুয়ের শিবিরে এবার মাশরাফির আক্রমণ। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমেই উইকেটের দেখা পেলেন ম্যাশ। চামু চিবাবাকে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান টাইগার দলপতি। ২২ বল খেলে ১০ রান তুলেছেন তিনি।
সাইফউদ্দিন ও মাশরাফির পর এবার জিম্বাবুয়ে শিবিরে আঘাত করলেন তাইজুল ইসলাম। বোল্ড করে ফিরিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে। ১৫ বল খেলে ১ চারে ৮ রান করে যান তিনি।
দলীয় ৭৯ রানে মোস্তাফিজের বাউন্সারে মাহমুদউল্লাহর চমৎকার ক্যাচে ফিরলেন সিকান্দার রাজা। ৩২ বলে দুই চারে ১৮ রান করেন রাজা। ভাঙে ৩৫ রানের জুটি। এই ক্যাচ নিয়ে মাশরাফি বিন মর্তুজাকে(৬০) ছাড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ। ৬১ ক্যাচ নিয়ে ওয়ানডেতে আউটফিল্ডে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড নিজের করে নিলেন তিনি। দলীয় ৮৪ রানের মাথায় মিরাজ ফিরিয়েছেন থিতু হওয়া ব্যাটসম্যান ওয়েসলি মাদভেরেকে। মিরাজের বলে কভারে মাশরাফি বিন মর্তুজার হাতে ধরা পড়েন মাদভেরে। ৪৪ বল খেলে ৫ চারে ৩৫ রান করে যান তিনি।
১০৬ রানের মাথায় সপ্তম উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরেছেন রিচমন্ড মুতুম্বামি। তাইজুল ইসলামের ওভারে কভারে ঠেলে রান নিতে গিয়ে নাজমুল হোসেন শান্তর থ্রোতে মুশফিক স্ট্যাম্প ভেঙে দেন। ২ ছক্কায় ১৭ রান করে ফেরেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন ডোনাল্ড টিরিপানো। ৩৩তম ওভারে মিরাজের করা তৃতীয় বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান টিরিপানো। ১৩ বল খেলে ২ রান করে যান তিনি।
এরপর নিজের তৃতীয় শিকারে কার্ল মুম্বাকে ফিরিয়েছেন সাইফউদ্দিন। তাকে সরাসরি বোল্ড করেন তিনি। ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করে যান তিনি। জিম্বাবুয়ের শেষ উইকেটটি তুলে নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। এটি ইনিংসে তার দ্বিতীয় শিকার। মুতুমবোদজিকে (২৪) তুলে নেন টাইগার দলপতি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাইফউদ্দিন। দু’টি করে উইকেট নেন মাশরাফি এবং মিরাজ আর একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

