শুদ্ধানন্দ মহাথেরোর চিরপ্রস্থান

শুদ্ধানন্দ মহাথেরোর চিরপ্রস্থান

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৪ঃ০৭

ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো আর নেই। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সমাজসেবায় একুশে পদক পাওয়া শুদ্ধানন্দ মহাথেরো দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অশোক বড়ুয়া বলেন, ভারত থেকে চিকিৎসা শেষে তিন দিন আগে দেশে ফেরেন শুদ্ধানন্দ মহাথেরো। কিন্তু বিমানবন্দরে পৌঁছে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।

সেখান থেকে তাকে ল্যাব এইডে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে নেন। কিন্তু এই বৌদ্ধ ধর্মগুরুকে বাঁচানো যায়নি। ল্যাব এইড থেকে শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহ মঙ্গলবার দুপুরে নেওয়া হয় বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে।

তার শেষকৃত্যের বিষয়ে সেখানেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অশোক। শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতীয় হাই কমিশনও শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে ফেইসবুকে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে।

শুদ্ধানন্দ মহাথেরো ১৯৩৩ সালে ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাদুয়ায় জন্মগ্রহণ করেন। সমাজসেবায় অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading