হিলিতে কাঁঠালপাতার ব্যবসা জমজমাট
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩৪
দিনাজপুরের হিলিতে অনেকেই ছাগল পালন করেন। ছাগলের প্রিয় খাবার কাঁঠালগাছের পাতা। তাই এখানে কাঁঠালপাতার ব্যবসা জমজমাট। হিলিতে এক আঁটি কাঁঠালপাতা বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়। হিলির বিভিন্ন স্থানে ভ্যানে করে কাঁঠালপাতা বিক্রি করা হয়। লোকজন ব্যবসায়ীদের ডেকে নিয়ে পাতা কেনেন।
পাতা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আমি ১০ বছর ধরে কাঁঠালপাতার ব্যবসা করছি। ভ্যান নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাতা বিক্রি করি। গ্রামে গ্রামে ঘুরে কাঁঠালগাছের মালিকদের কাছ থেকে প্রতিটি গাছের সব পাতা ৪০০ থেকে ৫০০ টাকা দরে কিনি। গাছ থেকে পাতা কেটে আঁটি বাঁধি। প্রতিদিন আমি প্রায় ৩০০ থেকে ৩৫০টি আঁটি বিক্রি করি। এতে আমার দৈনিক আয় হয় ৫৫০ থেকে ৬০০ টাকা।
আরেক পাতা ব্যবসায়ী সাদেক হোসেন বলেন, পাইকারদের কাছে থেকে আমি প্রতি আঁটি কাঁঠালপাতা ১০ টাকা দরে কিনে ১২-১৩ টাকায় বিক্রি করি। প্রতিদিন ১২০ থেকে ১৪০টি আঁটি বিক্রি হয়। লাভ হয় ২৫০-৩০০ টাকা। একজন ক্রেতা বলেন, আমার ছয়টি ছাগল আছে। প্রতিদিন তাদের জন্য ছয় আঁটি কাঁঠালপাতা কিনতে হয়। অন্যান্য খাবারের চেয়ে কাঁঠালপাতা বেশি পছন্দ করে ছাগলগুলো।
আরেক ক্রেতা বলেন, আমার তিনটি ছাগল আছে। এসব ছাগল কাঁঠালপাতা ছাড়া অন্য খাবার খেতে চায় না। তাই প্রতিদিন কাঁঠালপাতা কিনতে হয়। হাকিমপুর (হিলি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, কাঁঠাল গাছের পাতা গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্য। ছাগলের সুস্বাস্থ্যের জন্য কাঁঠালপাতার পাশাপাশি অন্যান্য খাবারও খাওয়াতে হবে।

