করোনায় আক্রান্ত হার্ভে ওয়েনস্টেইন
উত্তরদক্ষিণ বিনোদন । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১২. ০৩
একাধিক নারীকে যৌন হেনস্থা ও ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে। বর্তমানে কারাগারেই কাটছে দিন তার। তবে কারাগারে থেকেই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তিনি।
নিউইয়র্ক স্টেট কারেকশনাল অফিসারস এবং পুলিশ বেনিভিল্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল পাওয়ারস জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হাওয়ার পর ৬৮ বছর বয়সী ওয়েনস্টেইনকে আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল (২২ মার্চ) সকালে ওয়েনস্টেইনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। কারাগারে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার সঙ্কট রয়েছে। তাছাড়া বেশ কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নিউইয়র্ক সিটির রিকারস আইল্যান্ড কারাগার থেকে গত বুধবার (১৮ মার্চ) হার্ভে ওয়েনস্টেইনকে বাফেলোর পূর্বে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার ওয়েন্ডে কারেকশনাল ফ্যাসিলিটিতে নেওয়া হয়। সেখানেই তার করোনা ভাইরাস ধরা পড়ে।

