কোয়ারেন্টাইনে সাঙ্গাকারা
উত্তরদক্ষিণ । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৬. ৩০
বিশ্বজুড়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। তবে এখনও এই ভাইরাস দেখা যায়নি শ্রীলঙ্কাতে। তবে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এই কারণেই আগে থেকে সর্তক দেশটি। আর তাই লন্ডন থেকে দেশে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি কুমার সাঙাকারা।
সাঙাকারা লন্ডন থেকে শ্রীলঙ্কায় ফিরেছেন ১৬ মার্চ। ইংল্যান্ডে অবস্থান করলেও তার দেহে করোনা সংক্রমণ করেনি বলে জানান সাঙাকারা। তবে সরকারের দেওয়া নিয়ম মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি, ‘আমার দেহে করোনার কোনো উপসর্গ নেই। তবুও সরকারের দেওয়া নিয়ম মেনে চলা উচিত। তাই আমি কোয়ারেন্টাইনে।’
সাঙাকারা আরো যোগ করেন, ‘আমি গত সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরেছি। এসেই জানলাম, সরকার ঘোষণা দিয়েছে ইউরোপ থেকে যারা দেশে এসেছে তাদের পুলিশের সহযোগিতা নিয়ে সেলফ কোয়ারেন্টাইনে যেতে হবে। আমি সে পথই অনুসরণ করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান করা সাঙাকারা নিজে যেমন করোনা প্রতিরোধে সব নিয়ম মেনে চলছেন, একইভাবে ভিডিও বার্তায় দেশবাসীকেও সচেতন করার চেষ্টা চালাচ্ছেন।

