বাসা থেকে বের হবেন না: মাহি
উত্তরদক্ষিণ বিনোদন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১৩. ১০
সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে মহামারী করোনা ভাইরাসের কারণে । ইতমধ্যেই দেশে মারা গেছেন ৩ জন। আক্রান্ত সংখ্যা ৩৩ জন। এমতাবস্থায় সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। আর এই নির্দেশ মেনে গত ৫দিন ধরে ঘরবন্দি রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেইসবুকে এক ভিডিও বার্তায় এতথ্য জানান তিনি।
এ প্রসঙ্গে মাহি বলেন, “আমি একদমই বাসা থেকে বের হই না। পারলে দরজা-জানালাও বন্ধ রাখি। যদিও করোনাভাইরাস আকাশে-বাতাসে ছড়ায় না তবুও আমার কাছে মনে হচ্ছে, করোনা জানালা দিয়ে চলে আসবে। এই ভয়টা আমাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আমি জনসমাগমে যাবো না, লোকজনের সামনে যাবো না।”
“পরশুদিনও বাসার নিচে দেখলাম, দোকানে বসে দেদারসে লোকজন খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমরা আসলে এখনও ভয় পাইনি। আমার মনে হয়, সবারই একটু ভয় পাওয়া উচিত।”
সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেন মাহি।
তিনি বলেন, “বাসা থেকে বের হবেন না। নিজের বাসায় সাবধানে থাকুন। করোনা মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রীও অনেক প্রস্তুতি নিয়েছেন। সবাই মিলে সচেতন না হলে তিনি একা কিছু করতে পারবে না। আমরা সবাই সচেতন হবো।”

