বরিশালে করোনা ইউনিটে মৃত্যু ২
উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১২:৩০
বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যু নারীর নাম নিরু বেগম (৪৫)। মৃত্যু অপর ব্যক্তির নাম জাকির হোসেন (৪২)। পিতা মোতালেব হোসেন হাওলাদার, তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে।
করোনার লক্ষণ নিয়ে রবিবার (২৯ মার্চ) সকালে বরিশাল মেডিকেলে মারা গেছে। এর আগে শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে একই হাসপাতালে ওই নারী রোগীর মৃত্যু হয়। এর মাত্র ১৫ মিনিট আগে ওই রোগীকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।
মৃত নিরু বেগম বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃতদেহ বাসায় নিয়ে যান।
সেখানে রোগীর স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে পাঠান। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। ওই মৃত ব্যক্তির স্বজনদের বরাতে হাসপাতালের পরিচালক আরও বলেন, ওই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনদিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়ি ফিরে তিনি ফের জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। শনিবার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল বলে মোবাইল ফোনে জানান তার স্বজনরা।
এছাড়া তার কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। শনিবার দিনগত রাত পর্যন্ত শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনা সন্দেহে ছয় রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। তবে তারা কেউ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। কারণ, এখন পর্যন্ত কারো করোনা পরীক্ষা করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

