করোনা’র ছোবলঃ চলে গেলেন স্পেনের রাজকুমারী
উত্তরদক্ষিণ ২৯ মার্চ ২০২০ । ১৩ঃ০৮
করোনা কবলিত স্পেনে শোকের মাতম আরও দীর্ঘায়িত হয়ে নতুন দুঃসংবাদ নিয়ে এলো রাজকুমারীর মৃত্যুসংবাদ। রাজপরিবারসহ গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। নোভেল করোনাভাইরাস সংক্রমণে এই প্রথম বিশ্বের কোনও রাজপরিবারের সদস্যে মারা গেলেন। খবর ইকনোমিক টাইমস-এর।
![Coronavirus Update [29 March 2020]: Princess Maria Teresa of Spain ...](https://i0.wp.com/uttordokkhin.com/wp-content/uploads/2020/03/image.jpeg?resize=592%2C323&ssl=1)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেছেন স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ফেসবুকে মারিয়া টেরেসোর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। তিনি জানান, মারিয়া টেরেসার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর শুক্রবার (২৭ মার্চ) প্যারিসে তার মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
গত কয়েক মাসে স্পেনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ৭৩ হাজার ২৩৫ জন মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজার ৯৮২ জন।
প্রিন্স হাভিয়ার ও ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন।
ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথকেও রাখা হয়েছে সতর্ক অবস্থায়।

