ভোলায় সাংবাদিক নির্যাতনকারী চেয়ারম্যানপুত্র গ্রেপ্তর
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ এপ্রিল ২০২০ । ১৪:২৪
চেয়ারম্যান পিতার বিরুদ্ধে চাল চুরির সংবাদ করায় সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতন করে তা ফেসবুকে লাইভ করার ঘটনায় চেয়ারম্যানপুত্র নাবিল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় বড় মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিনের উপজেলা সড়ক এলাকার বাসা থেকে নাবিলকে গ্রেপ্তার করা হয়। লালমোহন সার্কেলের এডিশনাল পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নাবিলকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, সাংবাদিক সাগর চৌধুরী বাদী হয়ে তাকে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নাবিল হায়দারকে এক নম্বর এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, বড় মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে জেলেদের জন্য আসা চাল চুরির সংবাদ করায় সাংবাদিক সাগর চৌধুরীর ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালায় নাবিল হায়দার। ক্ষোভ মেটাতে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুব বিব্রতকর। মঙ্গলবার সাগর থানায় বসে আমাকে ঘটনাটি জানালে আমি তাকে পরামর্শ দেই বিষয়টি সংসদ সদস্য আলী আজম মুকুল ও নাবিলের বাবা জসিম উদ্দিন হায়দারকে জানানোর জন্য। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
এর আগে হামলার ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার বিকাল থেকে বারবার ফোন করেও নাবিল ও তার বাবার কোনও বক্তব্য পাওয়া যায়নি। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, বড় মানিকা ইউনিয়নে জেলেদের চাল কম দেওয়া হচ্ছে-এরকম অভিযোগে জেলেদের বক্তব্যসহ একটি ভিডিও সোমবার সাগর আমাকে দেখায়। আমি তখনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবকে ফোন করে জানতে চাই। এঘটনায় সাংবাদিককে মারধর, নির্যাতন এটা ঠিক নয়, অন্যায়।
এদিকে, সাংবাদিক নির্যাতন ও ফেসবুকে লাইভ করার ওই ঘটনা ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেলে এ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠে। অনেকেই এমন ঘটনায় জড়িত চেয়ারম্যানপুত্র নাবিল হায়দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

