করোনা ‘অন্ধকারের’ বিরুদ্ধে মোদির অভিনব আহ্বান
উত্তরদক্ষিণ অনলাইন। ০৩ এপ্রিল ২০২০ । ১৮:১০
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংকটের “অন্ধকার ও অনিশ্চয়তা” দূরীভূত করতে আগামী রবিবার (৫ এপ্রিল) রাতে ৯ মিনিট মোমবাতি ও মোবাইলের আলো জ্বালাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিবেশী দেশটিতে করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জন এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তবে প্রকৃত সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি বা সংশয় আছে দেশবাসীর মধ্যে। দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, দেশের ১৩০ কোটি লোকের মধ্যে সামান্য লোকেরই টেস্ট করা হচ্ছে।
তবে, গত ২৫ মার্চ থেকে ইন্ডিয়ায় লকডাউন চলছে। এর ফলে সেখানে লাখ লাখ ভ্রাম্যমাণ শ্রমিক তাৎক্ষণিকভাবে কর্মহীন হয়ে পড়েছে। হাজার হাজার লোক তাদের নিজ গ্রামে ফেরার চেষ্টা করছে। এর মধ্যে শুক্রবার (৩ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বন্ধুগণ করোনাভাইরাসের মাধ্যমে যে অন্ধকার ছড়িয়েছে, এর মধ্যেও আমরা অবশ্যই অব্যাহতভাবে অগ্রগতির আলো ও আশা জাগিয়ে রাখবো। চারদিকে আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমরা অবশ্যই সংকটের গাঢ় অন্ধকার দুরীভূত করবো।”
এজন্য আগামী রবিবার রাত ৯টায় সকল আলো নিভিয়ে তাদের দরোজার সামনে কিংবা বেলকনিতে ৯ মিনিট মোমবাতি বা সেলফোনের লাইটের আলো জ্বালানোর আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

