ইতালিতে কমেছে মৃত্যু হার
উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । ১২:৩৫
বিশ্বে বর্তমানে নভেল করোনাভাইরাসে সবচেয়ে বিধ্বস্ত মার্কিন আমেরিকা। কিন্তু এক সপ্তাহ আগে এই তালিকার শীর্ষে ছিল ইউরোপের দেশ ইতালি। গত ২ সপ্তাহের ব্যবধানে আমেরিকার পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। ফলে আক্রান্ত আর মৃত্যু দুই পরিসংখ্যানেই আমেরিকার ধারে কাছেও নেই অন্যদেশ।
এদিকে ইতালির পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে। অবশ্য এখনও প্রতিদিন অন্যান্য দেশের মতো ইতালিতে নতুন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আশার কথা হচ্ছে, সেই হার গত তিন সপ্তাহের তুলনায় এখন অনেকটা কমে এসেছে সেখানে।
রবিবার (১২ এপ্রিল) ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত ৩ সপ্তাহের বেশি সময়ের মধ্যে তাদের দেশে করোনাভাইরাসে সবচেয়ে কম লোকের মৃত্যু হয়েছে আগের ২৪ ঘণ্টায়। এর মধ্যদিয়ে ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত দেশটি কোভিড-১৯ ভাইরাসের চরম থাবা থেকে বেরিয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
বেসামরিক সুরক্ষা সংস্থা জানায়, ইতালিতে করোনাভাইরাসে নতুন করে একদিনে ৪৩১ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ মার্চের পর থেকে দেশটিতে মৃতের এ সংখ্যা সবচেয়ে কম। এ নিয়ে ইতালির মোট মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৯৯ জনে দাঁড়ালো।
দেশটির সরকারি হিসাব অনুযায়ী, সেখানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকায় আমেরিকার পেছনে চলে এসেছে। এর আগে বিশ্বের শীর্ষে থাকা ইতালির অবস্থান বর্তমানে দ্বিতীয়।
উপাত্ত থেকে জানা যায়, বর্তমানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জরুরি সেবা গ্রহণের লোকের সংখ্যা কমে আসছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।
দেশটির বিভিন্ন হাসপাতালে শংকামুক্ত এমন রোগীর সংখ্যাও কমতে দেখা যাচ্ছে।
বেসামরিক সুরক্ষা সেবা সংস্থা প্রধান এঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাসপাতালগুলোর ওপর অব্যাহত রোগীর চাপ অনেকটা কমে গেছে।’
আর এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত তথ্যে জানা গেছে।

