বাংলাদেশি বংশোদ্ভূত আইএস জঙ্গী আফগানিস্তানে গ্রেফতার
উত্তরদক্ষিণ ১৪ এপ্রিল ২০২০ । ২০ঃ৩৯
শেখফারুক ।। মোহম্মাদ তানবির নামে একজন বাংলাদেশি বংশোদ্ভূত আই-এস জঙ্গিকে আটক করেছে। আফগান বার্তা সংস্থা খামা প্রেস গত রবিবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, আফগানিস্তানের গোয়েন্দা কর্তৃপক্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর গ্রেফতার হওয়া দুই জঙ্গি নেতার পরিচয় প্রকাশ করেছে। তাদের একজন বাংলাদেশি ও অপরজন পাকিস্তানি বংশোদ্ভুত।

আফগানিস্তান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) এক বিবৃতিতে জানিয়েছে, আফগান গোয়েন্দা কর্তৃপক্ষ মোহাম্মদ তানবির (ওরফে ওমরান ওরফে আহমেদ ওরফে নাসির)-কে গ্রেফতার করেছে। সে বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে আফগান গোয়েন্দাদের জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আইএস খুরাসান’র তথ্য-প্রযুক্তির দায়িত্বে ছিল তানবির। তাকে প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা ইসা পাঞ্জাবি।
আফগান গোয়েন্দাদের মতে, আইএস খুরাসানের নেতাদের গোপন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তানবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
এনডিএস জানায়, গ্রেফতারকৃত অপর আইএস ঙ্গি আলি মোহাম্মদ পাকিস্তানি বংশোদ্ভুত। তিনি ইসলামাবাদের বাসিন্দা। এ ব্যক্তি আইএসের জন্য বিদেশি সাহায্য-সহযোগিতা সংগ্রহের কাজে লিপ্ত ছিলো।
এ গ্রেফতারের বিষয়ে আইএসের পক্ষে কোন মন্তব্য পাওয়া যায়নি।

