আমেরিকায় অভিবাসন ‘স্থগিত’ করার ঘোষণা ট্রাম্পের
উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৩:৫৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আমেরিকায় অভিবাসন সাময়িকভাবে স্থগিত করবেন। কেননা, বৈশ্বিক কোভিড-১৯ ভাইরাসে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। খবর এএফপি’র।
নভেল করোনাভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করে সোমবার (২০ এপ্রিল) ট্রাম্প বলেন, আমেরিকায় এ ভাইরাসে ৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৬৬০ জন।
সোমবার রাতে তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘এ অদৃশ্য শত্রু ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবং আমাদের গ্রেট আমেরিকান সিটিজেনের চাকরি রক্ষার স্বার্থে আমি আমেরিকায় অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে এক নির্বাহী আদেশ স্বাক্ষর করব।’ ট্রাম্প বলেন, এ পদক্ষেপ মার্কিন নাগরিকদের চাকরি রক্ষা করবে। কেননা, এ ভাইরাসের ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র লকডাউন আরোপ করায় দেশটিতে ইতিমধ্যে ২ কোটি ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ পদক্ষেপ কবে নাগাদ কার্যকর করা হবে সে ব্যাপারে ট্রাম্পের টুইটার বার্তায় বিস্তারিত কিছু বলা হয়নি।

