মক্কা-মদিনার প্রধান ২ মসজিদে রমজানেও জামাত বন্ধ
উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৪:১০
নভেল করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে পবিত্র মাহে রমজানের সময়ও জামাতে নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নবোবী কর্তৃপক্ষ টুইটারে এ নির্দেশনার কথা জানিয়েছে।
ওই নির্দেশনার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ওই দুই মসজিদে রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না।
২ মার্চ সৌদিতে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১০ হাজার ৪৮৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১০৩ জনের।
গত ১৭ মার্চ এক ঘোষণায়, মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করে দেশটির কর্তৃপক্ষ। ২ এপ্রিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘন্টার কারফিউ জারি করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পরবর্তীতে করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে না এলে মসজিদে জামাতের উপর নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে জানিয়ে রোজার মাসে তারাবির নামাজ ঘরেই পড়ার আহ্বান জানায় সৌদি আরব সরকার।

