করোনায় মৃত ২ লাখ ছুঁই ছুঁই!
উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৫:৫৫
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ২৩৪ জন। অর্থাৎ গত একদিনে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- মৃতের এই সংখ্যা ২ লাখ পার হওয়া এখন শুধু সময়ের ব্যাপার! শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ০৭:৪০টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে।
এতে দেখা গেছে, বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জনের।
আশার কথা হচ্ছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৫০ হাজার ১৬৬ জন। অর্থাৎ মৃতের তুলনায় সুস্থ হওয়ার হার অনেক বেশি। যদিও বাংলাদেশে ভিন্ন চিত্র। দেশে শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩১ জনের আর সুস্থ হয়েছেন ১১২ জন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৭ লাখ ৮৫ হাজার ৫৯৬ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ মানুষের সংখ্যা ৫৮ হাজার ৭২৭ জন।

