আমেরিকায় মৃত ৫৪ হাজারের অধিক, আক্রান্তের হার কমছে
উত্তরদক্ষিণ ২৬ এপ্রিল ২০২০ । ১১:৫০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল তার দেশে করোনায় মৃত্যু ১ লাখের মধ্যে থাকলে তার সরকার নিজেদেরকে সফল ভাববে। এরই মধ্যে দেশটিতে ৫৪ হাজারের বেশি মানুষের করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত ১ লাখে এই মৃত্যুর রাশ টানতে পারবে কিনা মার্কিন সরকার- তা মুহূর্তে স্পষ্ট নয়।
রবিবার (২৫ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত সবশেষ তথ্যে দেখা গেছে, গ্রিনিচ মান সময় ০৫:৫৬টায় ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৬৫ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ৫২ হাজার ২১৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দেশটিতে আক্রান্ত সংখ্যা এখন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। আগের দিন যা ছিল ৯ লাখ ২৫ হাজার ৭৫৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার প্রায়। এর আগের দিন নতুন আক্রান্ত ছিল ৩৫ হাজার এবং তার আগের দিন এই সংখ্যা ছিল ৪০ হাজারেরও বেশি। সেই হিসাবে দেশটিতে আক্রান্তের হার কমতে শুরু করেছে কিছুটা।
আমেরিকায় এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে থেকে ১ লাখ ১৮ হাজার মানুষ সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৭ লাখ ৮৮ হাজরের বেশি। এর মধ্যে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ১৫ হাজার ১১০ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

