মাস্কের চেয়ে গুরুত্বপূর্ণ দূরত্ব: ইতালি
উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১২:৫৫
করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ইতালি। ইউরোপের এই দেশটি অবশ্য এখন দুর্যোগ কাটিয়ে উঠতে শুরু করেছে। সেই অভিজ্ঞতা থেকে ইতালির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক প্রত্যাশাপূর্ণ নিরাপত্তা দেয় না। ঘরের বাইরে সবসময় মাস্ক পরা উচিত কিনা এ নিয়ে ইতালি ও অন্যান্য দেশের বিতর্কের প্রেক্ষাপটে সোমবার (২৭ এপ্রির) তিনি এ কথা বলেন। ইতালিতে লকডাউন আগামী সোমবার থেকে ধীরে ধীরে শিথিল করা হবে। দেশটিতে পরিবহন ও দোকানগুলোতে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।
আইএসএস জনস্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক সিলভিও ব্রুসাফেরো বলেন, রাস্তায় অন্যদের থেকে নিরাপদ দূরত্ব মানা সম্ভব না হলে সেক্ষেত্রে অবশ্যই ফেস মাস্ক পরতে হবে। সাংবাদিকদের তিনি বলেন, তবে মাস্ক পুরোপুরি নিরাপত্তা দিতে পারে না। সিলভিও বলেন, এটি বাড়তি উপাদান। কিন্তু ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দূরত্ব রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। ইতালিতে সরকারি হিসাবে সোমবার মৃতের সংখ্যা ৩৩৩ জন বেড়ে ২৬ হাজার ৯৭৭ জন হয়েছে।
ইউরোপের কোনও একক দেশে মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ এবং বিশ্বে আমেরিকার পরেই ইতালির অবস্থান। তবে দেশটিতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা উভয়ই কমে আসছে।

