করোনা’র উৎস ‘প্রাকৃতিক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১৩:৩১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের উৎস একটি চীনা গবেষণাগার বলে প্রমাণ দেখার দাবির একদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও জানালো, কোভিড-১৯ এর উৎস প্রাকৃতিক। শুক্রবার (১ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সংস্থাটির জরুরি কর্মসূচিবিষয়ক প্রধান মাইকেল রায়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রাণঘাতী এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। গত বছর চীনের উহানের একটি মাংসের বাজার থেকে তা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়।
মার্কিন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বে ৩৩ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৭৫ জন। বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আমেরিকায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের।
শুক্রবার করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের তদন্তে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। চীনের চলমান তদন্তে তাদের অংশ নেওয়ার আহ্বান জানাবে বলে আশা প্রকাশ করেছে তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক ই-মেইলে এ কথা নিশ্চিত করেছে সংস্থাটির মুখপাত্র তারিক জাসারেভিক।
রায়ান বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো- ভাইরাসটির প্রাকৃতিক উৎস চিহ্নিত করা’। কীভাবে প্রাণি-মানুষের বাধা ভেঙে গেলো তা জানার বিষয়ে গুরুত্বারোপ করেন ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, এটা জানার উদ্দেশ হলো- যাতে করে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং যেকোনও স্থানে এমনটি যাতে না ঘটে সেজন্য জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা যায়।

