ইসরাইলে চীনের রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু
উত্তরদক্ষিণ রবিবার ১৭ মে ২০২০ । ১৯ঃ০৬
ইসরাইলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত। রহস্যময় মৃত্যুকে কুটনৈতিক মহলে উতসুক্য সৃষ্টি হয়েছে। খবর সিএনএন, বিবিসি ও আল-জাজিরা’র।
রাষ্ট্রদূত ডু ওয়েই (৫৭) গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন । এর আগে তিনি ইউক্রেনে চীনের দূত হিসেবে দায়িত্ব পালন করেন।
করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে আমেরিকা সহ কতিপয় দেশের অভিযোগ নিয়ে রাষ্ট্রদূত ডু সোচ্চার ছিলেন। এপ্রিলে তিনি একটি ইসরায়েলি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনকে করোনাভাইরাস মহামারির জন্য সারা দুনিয়ার বলির পাঁঠা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইতিহাসে একাধিকবার এমন ঘটনা ঘটেছে যেখানে কোন নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে মহামারি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, এটা খুবই ঘৃণ্য এবং এর নিন্দা করা উচিৎ। এই রোগটি পুরো মানবজাতির শত্রু এবং পুরো বিশ্বকে এর বিরুদ্ধে এক সঙ্গে লড়তে হবে।
গত শুক্রবার ইসরায়েলের চীনা দূতাবাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তীব্র ভাষায় আক্রমণ করে। মিস্টার পম্পেও ইসরায়েল সফরে এসে করোনাভাইরাসের মহামারি চীন যেভাবে মোকাবেলা করেছে তার সমালোচনা করেছিলেন।

এ ঘটনার বিষয়ে একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, তেল আবিবের উপকন্ঠ হার্যলিয়াতে তার নিজের অ্যাপার্টমেন্টে রাষ্ট্রদূতকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওই কর্মকর্তা গণ্নমাধ্যমকে বলেন, রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তারা সন্দেহজনক কিছু দেখছে না।
ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সেই নিয়ম অনুযায়ীই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২ টিভি অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে রাষ্ট্রদূত ডু ঘুমের মধ্যেই মারা গেছেন।
গত ১৫ই ফেব্রুয়ারি কর্মস্থলে যোগদানের জন্য তেল আবিবে এসে করোনাভাইরাসের বিধিনিষেধের নিয়ম মেনে তিনি দু সপ্তাহের জন্য কোয়ারেনটিনে ছিলেন ।
রাষ্ট্রদূত বিবাহিত ছিলেন এবং তাদের একটি ছেলে আছে। কিন্তু তার পরিবার এখনো ইসরায়েলে তার সঙ্গে থাকতে আসেনি।

