করোনা-রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা-রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৬ মে ২০২০। ১১:৫৪

কোভিড-১৯ চিকিৎসার পরীক্ষামূলক ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরমধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে আরেক দফা সংঘাত সৃষ্টি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটিকে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়ে নিজে খাচ্ছেন বলে জানিয়েছেন। যদিও সেদেশের ওষুধ প্রশাসন আগেই এটির ঝুঁকি সম্পর্কে সতর্ক বার্তা জারি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কলকাতার আনন্দবাজার প্ত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক গবেষণায় ওষুধটি ব্যবহারে কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএইচও। স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি দেশে সাময়িকভাবে এটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

করোনার হাত থেকে রেহাই পেতে দৈনিক হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৪ মে) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইতিমধ্যেই ওই ওষুধটির দু’সপ্তাহের কোর্স শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু তার পর দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, করোনা রোগীদের উপর ম্যালেরিয়ার ওই প্রতিষেধক পরীক্ষা করার বিষয়টি স্থগিত রাখছে তারা। সংস্থাটির মতে,  যে সব কোভিড ১৯ রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়েছে তাঁদের মৃত্যুর হার বেশি।

করোনার ওষুধ হিসাবে শুরু থেকেই হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সওয়াল করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ওই ওষুধকে কখনও ‘ঈশ্বরের দান’, কখনও বা ‘গেম চেঞ্জার’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর মধ্যেই গত সপ্তাহে সদর্পে তিনি ঘোষণা দেন, করোনা ঠেকাতে তিনি নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। তা নিয়েই রবিবার (২৪ মে) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘সদ্য ওষুধের কোর্স শেষ করলাম। দেখতেই পাচ্ছেন, আমি এখনও এখানেই রয়েছি।’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)

করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সবুজ সঙ্কেত দেয়নি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কিন্তু ম্যালেরিয়ার ওই প্রতিষেধক নিয়ে সওয়াল করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘আমি এই ওষুধটি সম্পর্কে অসাধারণ তথ্য পেয়েছি। অনেকেই মনে করেন, এই ওষুধটা তাঁদের জীবন বাঁচিয়েছে। চিকিৎসকরাও সেই সব রিপোর্ট তুলে ধরছেন। ফ্রান্স ও ইটালিতে অবিশ্বাস্য পরীক্ষা হয়েছে।’’

ট্রাম্প এই দাবির পরের দিনই সোমবার (২৫ মে) বিশ্ব সাস্থ্য সংস্থা স্পষ্ট জানিয়ে দিল, হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে বিশ্ব জুড়েই যাবতীয় পরীক্ষানিরীক্ষা আপাতত স্থগিত রাখার কথা। এ পদক্ষেপের কারণ হিসাবে হু-এর প্রধান টেডরস অ্যাডহ্যানম ঘেব্রেসিয়াস জানিয়ে দেন, যাঁরা হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন তাঁদের জীবনের ঝুঁকি বেশি এবং হৃদযন্ত্রে সমস্যা তৈরি হওয়ার আঙ্কাও রয়েছে।

এ নিয়ে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’ –এ একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে। করোনা রোগীদের উপর রেমডেসিভির নিয়ে পরীক্ষা চলবে বলে জানিয়ে দিয়েছেন হু-এর প্রধান।

আমেরিকায় যখন করোনা সদ্য হানা দিয়েছিল তখন থেকেই হাইড্রক্সিক্লোরোকুইনের সুফল নিয়ে সওয়াল করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকে বিপুল পরিমাণ ওই ওষুধ সংগ্রহও করে রাখেন তিনি। এর মাঝেই অবশ্য করোনা রুখতে একাধিক দাওয়াই বাতলেছিলেন ট্রাম্প। এক বার জীবাণুনাশক ইনজেক্ট করে ফুসফুস সাফ করার প্রস্তাব দিয়ে বসেন ট্রাম্প। এমনকি জোরালো আলো ঢুকিয়ে করোনা তাড়ানো নিয়েও ভাবতে বলেন। তবে বারবারই হাইড্রক্সিক্লোরোকুইনের সুফল নিয়ে সোচ্চার ছিলেন তিনি। ওষুধটি সব মার্কিন নাগরিকেরই খাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading