সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে: ফখরুল
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৮:০৫
করোনাভাইরাসের বিস্তারের ব্যাপক ঝুঁকির মধ্যে সব কিছু খুলে দিয়ে সরকার দেশকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার প্রথম থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শনিবার (৩০ মে) সকালে তার কবরে ফুল দিয়ে সাংবাদিকদের সামনে এসে এই প্রতিক্রিয়া জানান তিনি।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাস সাধারণ ছুটি দেওয়ার পর আগামীকাল রোববার (৩১ মে) থেকে অফিস, গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এই বিষয়গুলোতে সরকার প্রথম থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। মনে হয়েছে যে, সমন্বয় নেই কোথাও এবং তাদের (সরকার) সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে অপরিপক্কই নয়, অদূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবিহীন।
বিএনপির তরফ থেকে জনগণের প্রতি পরামর্শ কী- এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন, আপনারা নিজেরা নিরাপদ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ঘরে থাকুন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনিপির জাতীয় স্থায়ী কমিটির মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

