‘লেজেগোবরে’ ইন্ডিয়া: একদিনেই আক্রান্ত ৮১০৫, মৃত্যু ২৬৯
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৮:২৫
মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মোকাবিলায় লেজেগোবরে অবস্থায় বিশ্বের অন্যতম জনবহুল দেশ ইন্ডিয়া। নানা পদক্ষেপের পরও প্রতিবেশী দেশটিতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। শনিবার (৩০ মে) সবশেষ প্রকাশিত দেশটির সরকারি হিসাবে একদিনেই সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের পাশাপাশি সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
শনিবার (৩০) সকালে ইন্ডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৭ হাজার ৯৬৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত ও ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। অবশ্য এ রিপোর্ট লেখা সময় শনিবার বিকালে ওয়ার্ল্ডওমিটারে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইন্ডিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ১০৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬৯ জনের।
অবশ্য কেবল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাতেই নয়, একদিনে সর্বোচ্চ ১১ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্ডিয়ায় মোট ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। দেশটিতে সরকারি হিসাবেই কোভিড-১৯ এ মৃত্যু ৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে; আক্রান্তদের মধ্যে ৮২ হাজারের বেশিই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছে প্রায় ৮৬ হাজার রোগী। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে প্রায় ৯ হাজার।
আক্রান্তের হিসাবে বিশ্বের ২১৫টি দেশের তালিকায় শীর্ষ ৯ম স্থানে আছে ইন্ডিয়ায়। আক্রান্ত আর মৃত্যু- দুই পরিসংখ্যানেই তালিকার শীর্ষে আমেরিকা। বাংলাদেশের অবস্থান ২২তম। এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১৮তম। সেখানে মোট আক্রান্ত ৬৪ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১৩শর বেশি মানুষের।

