শিল্পপতি ও ক্রীড়া সংগঠক আব্দুল মোনেম খান আর নেই
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৬:২৯
বিশিষ্ট শিল্পপতি, বরেণ্য ক্রীড়া সংগঠক ও মোহামেডান স্পোর্টিং লিমিটেডের সাবেক সভাপতি আব্দুল মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান আর নেই। রবিবার (৩১ মে) বেলা ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আবদুল মোনেম ব্রেন স্ট্রোক করে মারা যান। পদ্মসেতু সংযোগ সড়কসহ দেশের মহাসড়কগুলোর প্রায় সবই তার প্রতিষ্ঠান- এএমএল-এর তৈরি। ইগলু, কোক-পেপসি তাদের সহ-প্রতিষ্ঠান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ মে অসুস্থ হয়ে পড়লে আব্দুল মোনেম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্যবসার বাইরে তার প্রিয় বিষয় ছিল ফুটবল আর মোহামেডান ক্লাব। তিনি ১৯৮৪ থেকে ১৯৯৪-৯৫ সাল পর্যন্ত মোহামেডান স্পোর্টিং লিমিটেডের সভাপতি ছিলেন। সেই সময় মোহামেডান ফুটবল লিগে ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৮৮ সালে হ্যাটট্রিক শিরোপা জয়ের পাশাপাশি দারুণ কিছু সাফল্য পেয়েছিল।
আব্দুল মোনেম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে মোহামেডান ক্লাব জানিয়েছে, আব্দুল মোনেম খানের বলিষ্ঠ নেতৃত্বে মোহামেডান স্বর্ণ যুগের সূচনা করেছিল। ক্লাবের উন্নয়ন ও খেলাধুলার সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলেও স্মরণ করেন ক্লাবটির কর্মকর্তারা।

