অশান্ত আমেরিকা: কারফিউ ভেঙে বিক্ষোভ অব্যাহত

অশান্ত আমেরিকা: কারফিউ ভেঙে বিক্ষোভ অব্যাহত
জর্জ ফ্লয়েড ইউএস শ্রদ্ধা UttorDokkhin.com

উত্তরদক্ষিণ মঙ্গল্বার ০৩ জুন ২০২০। আপডেট ১১:৫৫

আমেরিকা এখনও অশান্ত। বিক্ষোভের আগুনে মার্কিন যুক্তরাষ্ট্র জ্বলছে। সেদেশের পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে চলমান আন্দলন টানা ৮ দিনে গড়ালো।

সিএনএন, বিবিসি সহ বিভিন্ন সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে হাজার হাজার লোক রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে। কঠোর কারফিউ, মেয়রদের অনুরোধ ও তাদের দমনে নেওয়া অন্যান্য পদক্ষেপ, কিছুই মানেনি তারা। সেখানে কারফিউ ভেঙ্গে বিক্ষোভ আব্যাহত রয়েছে।

২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে ফ্লয়েডের মৃত্যু হয়। ঘটনার কয়েকটি ভিডিও সামনে আসার পর শুরু হওয়া প্রতিবাদ পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ-সহিংসতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়। এসব শহরের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসি ও সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কও আছে। 

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আইওয়া অঙ্গরাজ্যের কোরাল্ভিলে বিক্ষোভ। ০২ জুন ২০২০

নিউ ইয়র্কে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এখানে কিছু লুটপাটের ঘটনাও ঘটেছে।

নিউ ইয়র্কের পাশাপাশি লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, আটলান্টা ও সিয়াটলেও বড় ধরনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংলগ্ন লাফায়েট পার্কে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছে প্রতিবাদকারীরা। প্রেসিডেন্টে ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে হেঁটে নিকটবর্তী সেইন্ট জনস এপিস্কোপাল গির্জায় গিয়ে যেন ছবি তুলতে পারেন তার ব্যবস্থা করতে সোমবার পার্কটিতে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছিল পুলিশ। প্রতিবাদকারীদের পার্কটি থেকে সরিয়ে দিয়েছিল তারা।

রাত নেমে আসার পর কারফিউ সত্ত্বেও লাফায়েট পার্ক ও রাজধানীর অন্যান্য স্থান থেকে সরে যায়নি প্রতিবাদকারীরা। ‘নো জাস্টিস, নো পিস’ শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়ে যায় তারা। 

নিউ ইয়র্ক শহরে রাত ৮টায় (স্থানীয় সময়) কারফিউ শুরু হলেও কয়েক হাজার বিক্ষোভকারীর প্রতিবাদ মিছিল চলতে থাকে। মাথার ওপর্ পুলিশের হেলিকপ্টার চক্কর দিতে থাকলেও তা অগ্রাহ্য করেই শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ চালিয়ে যেতে থাকে তারা।

মিছিলটি ম্যানহাটন সেতুর দিকের রাস্তার মুখে দাঁড়িয়ে দাঙ্গা পুলিশের উদ্দেশ্যে বলতে থাকে, “আমাদের সঙ্গে হাঁটো! আমাদের সঙ্গে হাঁটো!”

নিউইয়ররকের ম্যানহাটনে পুলিশী ব্যারিকেড। ০২ জুন ২০২০

লস অ্যাঞ্জেলসে হলিউড বুলেভার ধরে কয়েকশ’ প্রতিবাদকারী চলচ্চিত্র কেন্দ্রটির বিখ্যাত ল্যান্ডমার্কের সামনে দিয়ে এর কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়। অন্য প্রতিবাদকারীরা শহরের কেন্দ্রস্থলে পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তাদের কেউ কেউ সামনে লাইন করে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের জড়িয়ে ধরে ও করমর্দন করে।

ডেনভার ও সিয়াটলেও কয়েকশ’ প্রতিবাদকারী জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছে। রাত নেমে আসার পরও এখানে পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণই ছিল। 

নিউইয়র্কে প্রতিবাদ । ০২ জুন ২০২০

বিবিসি জানিয়েছে, ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মিনেসোটা রাজ্য তাদের পুলিশ বিভাগের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। এক সংবাদ সম্মেলনে গর্ভনর টিম ওয়ালজ জানিয়েছেন, তদন্তটি ‘প্রজন্মের গভীরে থাকা প্রথাগত বর্ণবাদ’ শেকড়শুদ্ধ উপড়ে ফেলার পরিকল্পনা নিয়ে করা হবে।

অন্যদিকে ফ্লয়েডের নিজ শহর টেক্সাসের হিউস্টন তার স্মৃতিতে একটি শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করে যেখানে ফ্লয়েডের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। ফ্লয়েডকে সম্মান জানাতে এই পদযাত্রায় ৬০ হাজার লোক অংশ নিয়েছে বলে হিউস্টনের মেয়র দপ্তর জানিয়েছে।  

ওয়াশিংটন ডিসিতে বিমানে করে এক হাজার ৬০০ সৈন্যকে এনে শহরের আশপাশের ঘাঁটিগুলোতে রাখা হয়েছে। এই সৈন্যরা ‘উচ্চ সতর্কাবস্থায়’ আছে বলে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন। 

সূত্রঃ সিএনএন, বিবিসি, বিডিনিউজ২৪। ছবিঃ সিএনএন

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading